যশোর অফিস : যশোর শহর ও কেশবপুরে পৃথক ঘটনায় ইভা আক্তার (২০) ও নারগিস বেগম (৪০) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। দুজনেরই মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকালে যশোর শহরের শংকরপুর বাবলাতলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ইভা আক্তারকে উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বিপ্লবের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহের জেরে সকাল ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে নারগিস বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হাসান দফাদারের স্ত্রী এবং সায়েদ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নারগিস বেগম দীর্ঘদিন ধরে পায়ের ফোঁড়ার যন্ত্রণায় ভুগছিলেন। এ কারণে এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে তাঁর স্বামী বাথরুমে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে তাঁকে খুঁজতে গিয়ে গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেশবপুর থানা ও ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com