মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন এবং এ সম্পর্কিত প্রস্তুতি ও ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে মোরেলগঞ্জসহ দেশের সকল উপজেলায় একযোগে এই উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হবে।
এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সর্বস্তরে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তৃণমূলের প্রতিটি শিশুর দোরগোড়ায় খেলাধুলার এই বার্তা পৌঁছে দিতে এবং প্রতিযোগিতাটি সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন।
প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন,নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি প্রতিযোগিতাই নয়,এটি আমাদের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার এক অনন্য মাধ্যম। এর মাধ্যমে আমাদের গ্রামের মাটি ও তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।
আয়োজকদের জোরালো প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার এই দ্বিতীয় আসরের মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার ব্যাপক চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ আরও সুগম হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com