ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।
এতে আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল, নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন। নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরী ও এক নারীও রয়েছেন বলে জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। এর আগে রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাহদাব খান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতা করতে এবং বিস্ফোরণস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com