ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলতি আমন মৌসুমে ধান কাটার ভরা সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘুর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। থমকে গেছে উপজেলা জুড়ে ধান কাটা, মাড়াই বা ঘরে আনা-ঘরে তোলা কার্যক্রম। ঘুর্ণিঝড় আকভানের গতিপথ ভারতের অন্ধ ও ওডিশার দিকে হলেও ধুমছে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বৃষ্টির কারণে মাঠে পেকে থাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফকিরহাটের বিভিন্ন এলাকার কৃষক। কঠিন পরিশ্রম আর প্রচুর অর্থ ব্যয় করে ফলানো ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে এসে এমন পরিস্থিতিতে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
কৃষকরা জানিয়েছেন, চলতি আমন মৌসুমে ধান পাকতে শুরু করার সাথে সাথে বিভিন্ন এলাকায় পুরোদমেই ধান কাটার প্রস্তুতি চলছিল। কোথাও কোথাও ধান কাটা শুরুও হয়েছিল। কিন্তু হঠাৎ ঘুর্ণিঝড় ‘আকভানে’র কারণে অসময়ের বৃষ্টিতে সেই কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান এখনো কাটা শুরু হয়নি, উদ্বেগ সেখানেই। ক্ষতির সম্ভাবনা মুলত সেখানেই।
ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের একজন কৃষক আক্ষেপ করে বলেন, “আমি আমার পাকা আমন ধান কাটাচ্ছিলাম ভাই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির জমে থাকা পানির উপর অনেক ধান হেলে পড়েছে। আমার বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ফসল ফলানোর পর শেষ সময়ে এসে এমন বিপদে পড়তে হবে তা কল্পনাও করিনি”। কৃষকরা আরো জানিয়েছেন, আমন চাষে জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের পেছনে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। বর্তমানে ধান কাটা মৌসুমে শ্রমিকের মজুরিও বেশি। এর মধ্যে বৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হওয়ায় উৎপাদন খরচ উঠে আসবে কি না, তা নিয়েও তাদের শংকা তৈরি হয়েছে।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, ফকিরহাটে কৃষকদের মাঝে আমন উৎপাদনে দিন দিন আগ্রহ বাড়ছে। চলতি বছর ফকিরহাট উপজেলায় মোট ৪৫৬০ হেক্টর জমিতে প্রায় দুই সহস্রাধিক কৃষক তাদের জমিতে আমন ধানের চাষ করেছে। যার মধ্যে এ পর্যন্ত ১৭৫০ হেক্টর জমির পাকা ধান কর্তন করা সম্ভব হয়েছে । এ বছর ফকিরহাটে আমন ধানের উৎপাদনও ছিলো চোখের পড়ার মত। কিন্তু বৈরী আবহাওয়া কৃষকদের মাঝে একটা উদ্বেগ তৈরি করেছে। তবে আশার কথা হলো, দু’তিনদিনের মধ্যে বৃষ্টি থেমে গিয়ে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই। আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে হবে। এ অবস্থায় আমরা ধান না কাটার পরামর্শ দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com