প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:১৮ পি.এম
পাইকগাছায় নকল ডাকের ফাঁদে পরিযায়ী পাখি শিকার, ঝুঁকিতে জীববৈচিত্র্য
পাইকগাছা প্রতিনিধি : শীতের আগমনের সাথে সাথে হিমালয় ও সাইবেরিয়াসহ শীতপ্রধান নানা অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাশয়গুলোতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। কিন্তু অতিথি পাখির এই আগমনকে ঘিরে খুলনার পাইকগাছায় বেপরোয়া হয়ে উঠেছে একদল অসাধু শিকারি। প্রযুক্তির অপব্যবহার, নকল ডাক ও বিষটোপ দিয়ে নির্বিচারে পাখি নিধনের ফলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, রাতের আঁধারে উপজেলার বিভিন্ন বিল, খাল, আমন ধানের ক্ষেত ও চিংড়ি ঘেরে ফাঁদ পাতছে শিকারিরা। সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে সাধারণত রাত ৮টার পর ফাঁদ পেতে ভোর ৪টার আগেই তা গুটিয়ে নেওয়া হয়। আকাশের উড়ন্ত পাখিকে নিচে নামাতে বাঁশি, মোবাইল ফোন ও সাউন্ড বক্সে ইন্টারনেট থেকে সংগৃহীত পাখির ডাক উচ্চস্বরে বাজানো হচ্ছে। সেই কৃত্রিম ডাকে বিভ্রান্ত হয়ে পাখিরা নিচে নামলেই আটকা পড়ছে দুই থেকে তিন একর এলাকাজুড়ে পুঁতে রাখা কারেন্ট জাল ও লতাপাতার ফাঁদে। এ ছাড়া কৃত্রিম পাখি বসিয়ে তৈরি করা হচ্ছে ফাঁদঘর। দিনের বেলায় খাদ্য সংগ্রহের সময় মাছ ও ফড়িংয়ে বিষ মিশিয়েও পাখি নিধনের অভিযোগ রয়েছে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম, বক ও বুরিসহ নানা প্রজাতির পরিযায়ী ও দেশীয় পাখি ধরা পড়ছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকায় এ ধরনের শিকারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ধরা পড়া পাখি গোপনে স্থানীয় বাজারে তোলা হচ্ছে; এমনকি মুঠোফোনে অর্ডার পেলে ব্যাগভর্তি করে মোটরসাইকেলে ক্রেতার বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইনে পাখি নিধনের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণ হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে জাল ও ফাঁদ ধ্বংস করা হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই অবৈধ তৎপরতা। পাখি শিকার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা প্রবীর কুমার দত্ত বলেন, “পরিযায়ী ও দেশীয় পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাখি শিকার রোধে আমরা নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করছি। স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।” সচেতন মহলের মতে, শুধু অভিযান নয়- পাখি শিকারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, আইনের কঠোর প্রয়োগ এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে তবেই পাইকগাছার জলাশয়গুলো পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com