পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সার্বিক উন্নয়ন ও দলীয় কর্মসূচি জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছাস্থ লোনা পানি কেন্দ্র (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট) মিলনায়তনে পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, “পাইকগাছা ও কয়রা অঞ্চলের টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমানুষের কল্যাণ সাধনে অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ সম্পূর্ণরূপে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “দলের এই জনকল্যাণমুখী পদক্ষেপগুলো নিয়ে একটি চক্র অসত্য তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দলের মূলনীতি ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে 'জুলাই সনদ' যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।” সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রেখে পাইকগাছা ও কয়রার সার্বিক উন্নয়নে তৃণমূলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকে দলের মূল লক্ষ্য ও তারেক রহমান ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।” সভায় বিশেষ অতিথি হিসেবে মতামত প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দুই উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com