প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৪:১১ পি.এম
পাইকগাছায় ২৫ অসহায় নারীর স্বাবলম্বী হওয়ার নতুন পথ: সেলাই মেশিন বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টা লতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। লতা ইউনিয়ন পরিষদ সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “নারীদের স্বাবলম্বী করতে তাঁদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাঁদের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সহজ করবে।” অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উল্লেখ করেন, পিছিয়ে পড়া নারীদের শুধু তাৎক্ষণিক সহায়তা না দিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়াই সবচেয়ে বড় বিষয়। একটি সেলাই মেশিন একজন নারীর অর্থনৈতিক মুক্তির মাধ্যম হতে পারে, যা পরিবার ও সমাজে তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করবে। সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগী নারীরা জানান, আগে তাঁদের আয়ের স্থায়ী কোনো সুযোগ ছিল না। এখন নিজ ঘরে বসেই কাজ করে উপার্জনের সুযোগ সৃষ্টি হলো। এই সহায়তা তাঁদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উক্ত অনুষ্ঠানে লতা ইউপি সদস্য রিনা পারভীন, বিনতা বিশ্বাস, বিজন হালদার, পুলকেশ রায়, কুমারেশ মন্ডল ও শওকত হালদার-সহ পরিষদের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com