প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৪:৪৮ পি.এম
সাতক্ষীরা প্রতিনিধি : পর্যটক নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপন করে ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বন বিভাগ। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাঁদের আশঙ্কা, এ সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হলে সুন্দরবনের সাতক্ষীরা অংশের পর্যটনশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
গত ৮ ও ৯ নভেম্বর খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় । তবে একদিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই বহাল থাকবে।
বন বিভাগ সূত্র জানায়, গত ৬ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রিয়াজ আহমেদ। দুই দিন পর ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
তবে বন বিভাগের এ সিদ্ধান্তকে হঠকারী ও বৈষম্যমূলক বলে মনে করছেন স্থানীয় পর্যটন খাতের উদ্যোক্তারা। তাঁদের দাবি, একজন পর্যটকের মৃত্যুর ঘটনায় পুরো অঞ্চলের পর্যটন কার্যক্রম সীমিত করা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। বরং দুর্ঘটনার কারণ অনুসন্ধান, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাতক্ষীরার অন্যতম পরিচিতি সুন্দরবনকেন্দ্রিক পর্যটন।
জেলার ব্র্যান্ডিং স্লোগানও ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। সাতক্ষীরা রেঞ্জের মধ্য দিয়ে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করা যায়, তা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এমন পরিস্থিতিতে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ হওয়ায় এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা বাধাগ্রস্ত হবে।
পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, পর্যটন ব্যবসা গড়ে তুলতে অনেকেই ঋণ নিয়ে বোট তৈরি করেছেন। এখন তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ হয়ে গেলে তাঁদের আয়ের পথ সংকুচিত হবে। ঋণের কিস্তি ও অন্যান্য খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের মতো তিন দিনের ভ্রমণের অনুমতি চালুর দাবি জানান তিনি।
মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ট্রেজারার মো: জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন।
এর আগে এমন ঘটনা ঘটেনি। একটি বিচ্ছিন্ন দুর্ঘটনার কারণে পুরো এলাকার পর্যটন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ বন্ধ করে দেওয়া দুঃখজনক। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সুন্দরবনের ট্যুর গাইড শামীম পারভেজ ও মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে সাম্প্রতিক ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে সুন্দরবনে পর্যটকদের দুর্ঘটনার ঘটনা অতীতেও ঘটেছে।
২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে প্রাণ হারান ১৬ বছর বয়সী পর্যটক আব্দুল্লাহ। এর আগে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবির ঘটনা ঘটে।
তারা বলেন, অতীতের এসব দুর্ঘটনার পর পর্যটন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ না নিয়ে সাম্প্রতিক একটি ঘটনার দায় কেন সাতক্ষীরা রেঞ্জের পুরো পর্যটন খাতকে বহন করতে হবে?
পর্যটকদের অসতর্কতা ও নিরাপত্তাবিধি না মানার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই দেওয়া হবে। তিন দিনের অনুমতি স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, সম্প্রীতি সাতক্ষীরা রেঞ্জ দিয়ে ট্রলার তচরে যাওয়ার পথে চড়ে আটকে যায়। এসময় নদীতে নামার কারনে একজন পর্যটকের মৃত্যুর ঘটনায় বিভাগীয় পর্যায়ে বন কর্মকর্তাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com