নিউজ ডেস্ক : খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীর ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নগরীর তেঁতুলতলা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সামনেও একই দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজে বাধা সৃষ্টি, নিরাপত্তা প্রহরীর ওপর হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর কানাই লাল সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজে বাধা সৃষ্টি এবং নিরাপত্তা প্রহরীর ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। এ ঘটনার মাধ্যমে শুধু একজন নিরাপত্তাকর্মীই নন, পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আতঙ্কিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রেজাউল আলম বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ একটি দীর্ঘদিনের স্বপ্ন। পরিকল্পিতভাবে এই উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি এবং নিরাপত্তাকর্মীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে লবণচরা থানার খোলাবাড়িয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে মুখোশধারী একদল দুর্বৃত্ত প্রবেশ করে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মিলন করালীকে মারধর করে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে হামলাকারীদের একজন তাকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। তবে গুলিটি তার শরীরে লাগেনি। পরে আহত নিরাপত্তা প্রহরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রেজাউল আলম বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মো. তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার, সৈয়দ মো. ওবাইদুল্লাহসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com