স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার তিন দিন পর আশুলিয়ার একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরার ঢাকা জেলা জেলার পিবিআই কার্যালয়ে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) এম. এন. মোর্শেদ।
মোর্শেদ জানান, গ্রেপ্তারের পর রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৩ নভেম্বর ঢাকার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ দরজা খুলে শয়নকক্ষ থেকে মো. হারুন (৩২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। ৪ নভেম্বর করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা যুক্ত করা হয়। ঘটনার পর থেকেই ঢাকা জেলা পিবিআই ছায়া তদন্ত শুরু করে।
মামলাটি পিবিআইয়ের তদন্ত তালিকাভুক্ত হওয়ায় ৭ নভেম্বর সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। তবে এর আগেই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে মোর্শেদ বলেন, ‘হারুনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৩১ অক্টোবর রাতে তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। পরে ১ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় রত্না শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে হারুনের মৃত্যু হয়। এরপর কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রত্না।’
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com