প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৫:৪৬ পি.এম
তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যশোর অফিস : শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য মনোবল থাকলে সব বাধা জয় করা সম্ভব। এর উজ্জ্বল দৃষ্টান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না নূরা। দুই হাত ও এক পা ছাড়াই জন্ম নেওয়া এই মেধাবী শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবার নজর কেড়েছেন। এবার তার চলাচল সহজ করতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইল চেয়ার প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (২২ নভেম্বর) তামান্না নূরার হাতে হুইল চেয়ারটি তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তাকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
তামান্না নূরার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী গৃহিণী। জন্ম থেকেই দুই হাত ও এক পা না থাকলেও প্রবল ইচ্ছাশক্তি ও বাবা-মায়ের অনুপ্রেরণায় একের পর এক শিক্ষার সিঁড়ি পেরিয়ে চলেছেন তিনি।
শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। শারীরিক সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়ে ভর্তি, শ্রেণিকক্ষে বসা এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাকে। মুখ ও একমাত্র পা ব্যবহার করে লেখালেখি করে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে যবিপ্রবির ইংরেজি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি চলাফেরার জন্য তামান্নাকে অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে উপযোগী হুইল চেয়ার না থাকায় তার চলাচলে অসুবিধা হচ্ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় তার জন্য বিশেষ সুবিধাসম্পন্ন হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।
হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com