ডেস্ক রিপোর্ট : গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারে পক্ষে ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপির ইশতেহার এখন সরকারের ইশতেহার হয়ে গেছে। যা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও কাজের সঙ্গে দলের নেতাদের সেতুবন্ধ মজবুত করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারাও।
আন্দোলনের পর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি-মন্ত্রী হওয়ায় কার্যত থেমে গেছে দলটির দলীয় কার্যক্রম। তাই দলকে রাজপথে সক্রিয় করার লক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের তিন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।
এসময় বিগত ফ্যাসিস্ট আমলের রাজনীতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। জানান, গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।
তারেক রহমান বলেন, ‘আমার এমন একটা দেশ তৈরি করতে চাই, যেই দেশে শিক্ষার্থী সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিলো তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক-বিতর্ক থাকবে, কথা বলার সুযোগ থাকবে, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে না।’
বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার হয়ে গেছে— যা বাস্তবায়ন করা প্রধান কাজ বলেও জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘ভোটের আগে জনসাধারণকে দেয়া অঙ্গীকার মোতাবেক, এমন একটি দেশ তৈরি করতে চায় বিএনপি সরকার যেখানে শিক্ষার্থীরা শিক্ষার সুন্দর পরিবেশ পাবে। নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।’
সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ওয়াকিমুল ইসলাম নামের এক বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তি ও অদম্য ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ গড়ে তোলায় ওয়াকিমুলের প্রশংসাও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com