নিউজ ডেস্ক : খুলনা মহানগরীতে শিবলী হোসেন রুবেল (৪৬) কে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ। বুধবার রাতে নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃত যুবক রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মজিবর আকনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য।
মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযু্িক্তর সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। গ্রেপ্তার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সকল সন্ত্রাসীদের মূল ধ্বংস করে শান্তির নগর হিসেবে খুলনাকে প্রতিষ্ঠিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com