খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমানের বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে গুলি ছুড়তে দেখেন। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে।
গুলিটি তার বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।
সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com