নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেলায়েত হোসেন সড়ক, মোহাম্মদিয়া এলাকা এবং একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে এসব গুলি চালানো হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে প্রথম গুলির ঘটনা ঘটে। রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে, তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি আরও জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, একই দিন দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।
অন্যদিকে, বিকেলে নগরীর ‘দ্যা পালংকি’ রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালানো হয়। চাঁদা দাবিতে হুমকির কারণে বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে বাইরে থেকে দুর্বৃত্তরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে, যা ওপরের সাইনবোর্ডে লাগে। চাঁদাবাজদের ভয়ে রেস্টুরেন্টটি বন্ধ ছিল এবং পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার এটি চালু করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com