নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য দফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৮৫ জন এবং খুলনা জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ২ জন রোগীই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে মোট ৬৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩২২ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ জন।
অন্যদিকে, বিভাগের হাম সংক্রান্ত পৃথক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় খুলনা জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৫ জন। আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com