কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও ৩ জনকে গ্রেফতার করেছে।
সব মিলিয়ে জেলার ১৮টি থানা ও ডিবির অভিযানে ১০৭ জন গ্রেফতার হয়েছেন।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com