ডেস্ক রিপোর্ট : গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এই ভূমিকম্পকে সতর্কবার্তা বলেছেন, এটা সতর্কবার্তা হিসেবে আমলে নিতে হবে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ভূমিকম্পের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি।
এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই।’
দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com