ডেস্ক রিপোর্ট : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার পর জনসমক্ষে না এলেও তিনি এখনো দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতার কাঠামো বর্তমানে অনেকটাই বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের আলোচনায় মোজতবা খামেনি প্রভাব রাখছেন। যুদ্ধের শুরুতে হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ সামরিক নেতারাও মারা যান। ওই হামলায় মোজতবাও গুরুতর আহত হন। এরপর থেকেই তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে।
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, খামেনি এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং শরীরের এক পাশে গুরুতর দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তিনি কোনো ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ না করে বরং সরাসরি সাক্ষাৎ বা বার্তাবাহকের মাধ্যমে সীমিত যোগাযোগ রাখছেন।
তবে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি দাবি করেছেন, মোজতবা খামেনি এখন সুস্থ আছেন এবং তার আঘাতের ক্ষত দ্রুত সেরে উঠছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি সম্প্রতি খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটিই নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশ্য সাক্ষাতের খবর।
মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। দেশটির উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো সচল রয়েছে। একই সঙ্গে মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান আরও বেশ কয়েক মাস অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারবে বলেও ধারণা করা হচ্ছে।
বর্তমানে ইরানের দৈনন্দিন কার্যক্রম মূলত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ পরিচালনা করছেন বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। অন্যদিকে, মার্কো রুবিও বলেছেন, ইরানের রাজনৈতিক কাঠামো এখনো বিভক্ত ও অকার্যকর অবস্থায় রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com